চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক

চবি প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভুয়া শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টা করার সময় একজনকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা। আটক ব্যক্তি ক্যাম্পাসে নিজেকে ২০২২২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন। তিনি এফআর হলের শিক্ষার্থী হিসেবে আইডি কার্ড প্রদর্শন করেন। অথচ ইংরেজি বিভাগ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত এবং সোহরাওয়ার্দী হলের অধীন হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

আটক মো. উমর ফারুকের (১৭) পিতা নুরুন্নবী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় মুদি ব্যবসা করেন। উমর ফারুক পাশ্ববর্তী জোবরা এলাকার বাসিন্দা এবং জোবরা পশ্চিমপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আটকের পর জিজ্ঞাসাবাদে উমর ফারুক বলেন, বন্ধুদের প্ররোচনায় আমি এ কাজ করেছি। মূলত বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুবিধার জন্যই আইডি কার্ডটি বানিয়েছিলাম।

নিরাপত্তা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মান্নান জানান, বহিরাগতদের ব্যাপারে আমরা সবসময়ই কঠোর অবস্থানে আছি। মূল ফটক দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালে সেটি যাচাই করে আমরা বুঝতে পারি এটি ভুয়া। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আমাদের কড়াকড়ির কারণে মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য সে এই পথ অবলম্বন করেছে। পরে আমরা তার বাবাকে ডেকে তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার মোটরসাইকেলটি এখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হেফাজতে আছে।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসেও দুই ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা বরখাস্ত
পরবর্তী নিবন্ধ২০ বছর পর ৯ আসামির যাবজ্জীবন