চন্দ্রঘোনায় সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় সড়ক দুর্ঘটনায় ১ দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় রাস্তার পাশে মো.খাইরুল বাশার (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি রাঙ্গুনিয়া মডেল থানাকে জানানো হয়। নিহত খাইরুল বাশার কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক৪৭ এর কাদির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. খাইরুল বাশার ৩৪ মাস আগে আরো ৬৭ জন লোকসহ চন্দ্রঘোনা কদমতলী এলাকায় আসে দিনমজুর হিসেবে কাজ করার জন্য। হাজী পাড়া এলাকায় ভাড়া বাসায় খাইরুল বাশার সহ অন্যান্যরা থাকতো। কিন্তু উক্ত ভাড়া বাসায় কোন টয়লেট ছিলো না। যার কারণে তারা হাজী পাড়া রাস্তার অপর পার্শ্বে খোলা বিলে অথবা সম্ভাব্য স্থানে টয়লেট করতো। ধারণা করা হচ্ছে, সকালে টয়লেট করার জন্য হাজী পাড়া রাস্তার অপর পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ থানায় নিয়ে আসেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন
পরবর্তী নিবন্ধ১৭ ফেব্রুয়ারি রমজানের স্বাগত র‌্যালি সফল করুন