চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৩:৪২ অপরাহ্ণ

চন্দনাইশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইমরুল কায়েস (৪১)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র (এলজি) এবং ১টি ওয়ান শ্যুটিং পিস্তল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় দোহাজারী খানবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে ইমরুল কায়েসকে (৪১) গ্রেপ্তার করা হয় এবং তার দেয়া তথ্যমতে ১টি দেশীয় অস্ত্র (এলজি) এবং ১টি ওয়ান শ্যুটিং পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দোহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর আয়েশা খাতুনকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ ইমরুল কায়েস নামে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দেড় মাসেই ওসির ম্যাজিক, জনমনে স্বস্তি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সিএনজি চালক সজ্জাদ হত্যার মূল আসামি গ্রেপ্তার