চন্দনাইশে বৈদ্যুতিক খুঁটি ভেঙে খাদে যাত্রীবাহী বাস

অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চন্দনাইশে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক বাসযাত্রী। গতকাল বুধবার ভোরে উপজেলার বুলার তালুক মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ খুঁটি ভেঙে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কক্সবাজারমুখী ‘রয়েল কোচ’ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। চন্দনাইশের বুলার তালুক এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটিকে সজোরে ধাক্কা দেয়। খুঁটিটি ভেঙে বাসটি উল্টে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় খুঁটিতে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও ভেতরে থাকা কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই দুর্ঘটনার পর চন্দনাইশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইমতিয়াজ মোহাম্মদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বাসের ধাক্কায় খুঁটি ও ট্রান্সফরমারের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাসটি উদ্ধারের পর দ্রুত মেরামতের কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সিএমপির তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঋণখেলাপি, ডাকাত, সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে : অলি