নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দীন আহমদ ও চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র সিভিল জজ আদালত, সাতকানিয়ায় অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয় থেকে চট্টগ্রাম–১২ চন্দনাইশ আসনের বিএনপর প্রার্থী মো. জসীম উদ্দীন আহমদের এ নোটিশ জারি করা হয়। একইদিন বিকেলে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানের কাছে বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস নোটিশ পাঠান বলে জানা গেছে। চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সানজিদা আফরোজ বৃষ্টি স্বাক্ষরিত নোটিশে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমদকে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, এলডিপি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকতার আলম কর্তৃক দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়–বিএনপি প্রার্থী মো. জসীম উদ্দীন আহমদ তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারে নির্বাচনী আইনে নির্ধারিত সীমা অতিক্রম করে ছবি ব্যবহার করেছেন। অভিযোগটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর ৩০ এবং ৭(ছ) বিধির পরিপন্থী। অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না–তা ব্যাখ্যা করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন দাখিলের জন্য চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনের প্রতিদ্বন্দ্বী ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী রেজাউল কাওসারের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় সংলগ্ন এলাকায় পূর্বে স্থাপিত নির্বাচনী ব্যানারের ওপর ইসলামী ফ্রন্ট মনোনীত শাহজাহানের ‘মোমবাতি’ প্রতীকের বিলবোর্ড পরিকল্পিতভাবে স্থাপন করা হয়েছে। অভিযোগের সমর্থনে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে এবং তা যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫–এর বিধি ৩ ও বিধি ৭(ঘ)-এর সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে। এ প্রেক্ষিতে আগামী ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত ভবনের (৩য় তলা) সিনিয়র সিভিল জজ ৩য় আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে শাহজাহানকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নোটিশ দ্রুত জারি করে প্রতিবেদন কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।







