চন্দনাইশের দিয়াকুল–মাষ্টারঘোনা–চিরিংঘাটা–ধোপাছড়ি সড়কের জিরোবুক ব্রিজ এলাকায় সড়কের উপর উল্টে গেছে একটি মাল বোঝাই ট্রাক। এতে অল্পের জন্য হতাহতের ঘটনা না ঘটলেও পরিবহনকৃত মালামালের ক্ষতি হয়। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধোপাছড়ি বাজারের এক ব্যবসায়ী চট্টগ্রাম নগরী থেকে তেল, গ্যাস সিলিন্ডার ও মুদি দোকানের মালামাল ক্রয় করে ট্রাকযোগে ধোপাছড়ি বাজারে নিয়ে যাচ্ছিলেন। মালবাহী ট্রাকটি জিরোবুক ব্রিজ পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের উপরই উল্টে যায় এবং মালামাল তছনছ হয়ে পড়ে। চিরিংঘাটা এলাকার ইউপি সদস্য আশরাফ উদ্দিন ভুইয়া জানান, ইফতারের আঁধা ঘণ্টা আগে মালবোঝাই ট্রাকটি জিরোবুক ব্রিজ পার হয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরিবহনকৃত মালামালের কিছুটা ক্ষতি হয়েছে। সড়কের উপরই ট্রাকটি উল্টে পড়ায় সড়কটি ব্লক হয়ে আছে। এ অবস্থায় মোটরসাইকেল ছাড়া সিএনজি অটোরিকসাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারছে না। ট্রাকটিতে অতিরিক্ত মাল বোঝাই করার কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।












