চন্দনাইশে নাইট কোচ উল্টে খাদে, আহত ৭

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ১১:০৫ অপরাহ্ণ

চন্দনাইশের বাগিচাহাট এলাকায় কক্সবাজারমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি নাইট কোচ উল্টে সড়কের পাশে খাদে পড়ে কমপক্ষে ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে বাগিচাহাটস্থ সড়কের বিপদজনক বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ৭ জন যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন কুমিল্লার লাকসামের মো. শাহজাহানের পুত্র মো. ফয়সাল (৩০), কুমিল্লা সদরের মো. ইমন খান (১৮), ঢাকার গাজিপুরে কালিয়াকৈর থানার ইউসুফ আলীর পুত্র নেওয়াজ উদ্দিন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার পুত্র মো. রিপন (৪১), ঢাকা মহানগরের মো. রিয়াদ হোসেন (২৩), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের পুত্র ইসমাইল হোসেন (৫০) এবং চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ফারুক উদ্দিন (৪৫)।

পরে আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেয়া হলেও গুরুতর আহত হওয়ায় রিয়াদ হোসেন ও মো. ইমন খানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, গত ১৩ জানুয়ারি রাতেও একই স্থানে একটি লবণবাহী ট্রাক উল্টে খাদে পড়ে গিয়েছিল। বিপদজনক বাঁকটিতে বার বার দুর্ঘটনা ঘটছে বলেও জানান তারা।

দুর্ঘটনার খবর পেয়ে আজ সকাল ৯টার দিকে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস জব্দ
পরবর্তী নিবন্ধটেকনাফে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ১