চন্দনাইশে চারদিনের বর্ষবরণ ও বৈশাখীমেলা ১৪ এপ্রিল থেকে

উদযাপন পরিষদের ব্যাপক প্রস্তুতি

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা সম্মিলিত বর্ষবরণ পরিষদের আয়োজনে আগামী ১৪ এপ্রিল থেকে ৪দিনব্যাপি বর্ষবরণ ও বৈশাখীমেলা গাছবাড়িয়া কলেজ মাঠে শুরু হবে। মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল ১১ এপ্রিল বিকেলে গাছবাড়িয়া সরকারি কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক এম এ হাশেম রাজু। তিনি বলেন, চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের আন্তরিক পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৮ টায় মেলা শুরু হবে। ১৭ এপ্রিল পর্যন্ত মেলার মুক্তমঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা ও বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও ঢাকার জাতীয় শিল্পীদের জারি, সারি, ভাটিয়ালি, মুর্শেদী, মারফতী, মাইজভান্ডারী, আঞ্চলিক প্রভৃতি গান ও নৃত্য পরিবেশিত হবে। পিঠাপুলি, পান্তা ইলিশের স্টল, হস্ত ও কুটির শিল্পের স্টল সম্বলিত দুই শতাধিক স্টল নিয়ে এ মেলা বসবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক বেলাল, সিরাজুল ইসলাম সওদাগর, মোর্শেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ, এ্যাডভোকেট আমিনুল ইসলাম, নেছার আহমেদ, মো. ইউনুচ, শহিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলিও ক্লাব অফ চিটাগং এর ঈদ পুনর্মিলনী ও লায়ন-লিও ফেলোশিপ মিটিং