চন্দনাইশে কিশোরকে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশে রাজিব রুদ্র (১৪) নামে এক কিশোরকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই কিশোর বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে রাজিব রুদ্রের পিতা শিবু রুদ্র বাদি হয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে গত বৃহস্পতিবার চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম জামিজুরী এলাকার মো. আলী আকবরের পুত্র ইসমাইল হোসেন (১৯) ও পূর্ব জামিজুরী এলাকার নিকু রুদ্রের পুত্র অপু রুদ্রকে (১৯) আসামি করা হয়।

মামলার বাদি শিবু রুদ্র জানান, গত বুধবার সন্ধ্যায় তার ছেলে রাজিব রুদ্র নাস্তা খাওয়ার পর ঘর থেকে বের হয়ে পূর্ব জামিজুরী বটতল এলাকায় যায়। এ সময় নিকু রুদ্রের ছেলে অপু রুদ্র রাজিবকে ইসমাইল হোসেন নামে একজনে ডাকছে বলে পাহাড় সংলগ্ন অন্ধকার স্থানে নিয়ে যায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর ও এনার্জি ড্রিংকের সাথে মেশানো বিষ পান করায়। এক পর্যায়ে তার হাতসহ শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রাজিবের চিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানা যায়, রাজিব রুদ্র তার পিতার পাশাপাশি নিজেও রিকশা চালিয়ে সংসারে আর্থিক সহযোগিতা করে আসছিল।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নারী সম্পর্কিত ঘটনা ও পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় ইসমাইল হোসেন ও অপু রুদ্র নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ হাটে চোরাচালানের গরু
পরবর্তী নিবন্ধহেম কুমারের বাগানে ২৪ প্রকারের আম