চন্দনাইশে এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। গতকাল ১১ এপ্রিল ভোররাতে উপজেলার দক্ষিণ হাশিমপুর ভান্ডারী পাড়ার মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে মো. মাহামুদুল হাসান (৩২) বাদি হয়ে চন্দনাইশ থানা একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, উল্লিখিত এলাকার মৃত চৌধুরী আবুল হোসেনের তিনতলা বিশিষ্ট পাকা ঘরে গতকাল গভীর রাত ৪টার দিকে ৪/৫ জন মুখোশ পরিহিত ডাকাত হানা দেয়। এসময় তারা বাউন্ডারি ওয়াল টপকিয়ে ঘরের মেইন গেটের তালা কাটে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষ থেকে নগদ ৩ লক্ষ টাকা, ১৬ লাখ টাকা মূল্যের ৭ ভরি বিদেশি স্বর্ণালংকার ও ৬৮ হাজার টাকা মূল্যের একটি ওয়াল টিভি নিয়ে যায়। ফজরের আজান দিলে ডাকাতদল পালিয়ে যায়। গত বছরও তাদের ঘরে ডাকাতি হয় বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইলিয়াছ খাঁন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।














