চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে

কক্সবাজারে ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে সরকার খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করেছে এবং ক্রীড়া কার্ড প্রদান শুরু করেছে। যার মাধ্যমে খেলোয়াড়রা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগসুবিধা ভোগ করতে পারবে। গতকাল শুক্রবার সকালে ১১টায় কক্সবাজারের লাবনী পয়েন্টে আয়োজিত কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সারাদেশে নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয় সাতটি ইভেন্টে মেধা অন্বেষণ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কক্সবাজারে সার্ফিং খেলার সঙ্গে যুক্ত তরুণরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে। কক্সবাজার সমুদ্র সৈকতে সার্ফিং টুর্নামেন্টে শতাধিক সার্ফার অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় ২৫ জন নারী সার্ফার রয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সার্ফিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, ওয়ার্ল্ড আর্চারীর এশিয়া সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন। কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আর মাহবুব। অনুষ্ঠানে বাংলাদেশ সার্ফিং দলের হয়ে এশিয়া সার্ফিংয়ে অংশ নেয়া সাত সার্ফারকে সংবর্ধনা দেয় হয়। পরে প্রধান অতিথি দুই দিনের এই সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম (ফুটবল স্টেডিয়াম), রামু বিকেএসপি কক্সবাজার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মনে হচ্ছিল, ২০ কোটি মানুষের স্বপ্নকে রক্ষা করতে পেরেছি’
পরবর্তী নিবন্ধগণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন জোনায়েদ সাকি