সীতাকুণ্ডে ট্রেনের দুটি বগিতে আগুন, ভাগ্যক্রমে বেঁচে গেল যাত্রীরা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মেলিটারী একাডেমি গেট অতিক্রমকালে এ ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডে ট্রেনের একটি এসি বগি ও একটি ইঞ্জিন পুড়ে ছাই হয়ে যায়। তবে ভাগ্যক্রমে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। উক্ত ট্রেনের ইঞ্জিন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এদিকে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও পাশের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুননের লিলিহান শিখায় তা ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, প্রথমে আগুন লেগেছে পাওয়ার কারে। সেখান থেকেই অপর একটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে তার আগেই ওই বগি থেকে যাত্রীরা বের হয়ে পড়ে । ভাগ্যক্রমে এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো ট্রেন থেকে আলাদা করা হয়।

চট্টগ্রাম থেকে পাওয়ার কার ঘটনায় লোক পাঠানো হয়েছে। এটি ট্রেনের সাথে জোড়া লাগিয়ে ঢাকার উদ্দেশ্য আবারো রওনা হবে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় মারা গেলেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুর হাসান