নানা আয়োজনে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রাক্তন ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রাক্তন ছাত্রী পরিষদের সভাপতি, কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর সালমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক এবং কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর নিলূফার আকতার, সংগঠনের সহ–সভাপতি এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহানাজ বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কলেজের ১৯৬৪, ৬৫ এবং ৬৬ সালের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন ব্যাচের ২৫৭ জন ছাত্রী অংশ নেন। প্রবীণ ও নবীনদের ছাত্রীদের অংশগ্রহণে ভিন্ন রূপ লাভ করেছিল কলেজের ছায়াঘেরা প্রাঙ্গন। অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় তারা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন। সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে আনন্দময় এক আবহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন লায়ন কামরুন মালেক, জোবাইদা মনোয়ার, জেসমিন সুলতানা পারু, সাবিহা নাহার বেগম ও পারভিন চৌধুরী। নিজের কলেজ জীবনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লায়ন কামরুন মালেক বলেন, কলেজের এই ক্যাম্পাসে এসে অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। অনেক বান্ধবী আজ আর আমাদের মাঝে নেই। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি সামনের দিনগুলোতেও এই সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।













