চট্টগ্রাম শাহ আমানতে একাধিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ মার্চ, ২০২৬ at ৪:২৭ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) একাধিক ফ্লাইট বাতিল ও আংশিকভাবে সীমিত আকারে ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সারাদিনে মোট ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ৩টি আগমন (এরাইভাল) ও ১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি আগমন ও ১টি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে সবকিছু পুরোপুরি স্থবির হয়ে পড়েনি। বিভিন্ন এয়ারলাইনসের মোট ৫টি আগমন এবং ৪টি প্রস্থান ফ্লাইট সীমিত পরিসরে চলাচল করেছে।

এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলো এখনো স্থবির অবস্থায় রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের মধ্যে আজকের ৬টি ফ্লাইটসহ মোট ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ড্রেজারে আটকে আছে যুবকের লাশ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক