চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে র‌্যালি

গ্লুকোমা সচেতনতা ।। নিয়মিত চোখ পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

 

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে বর্ণাঢ্য র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার ও সিএমই সেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন (সিএলএফ) কমপ্লেক্সের লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠানমালার বৈজ্ঞানিক সেমিনার ও সিএমই সেশন অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ইউনিটিং ফর এ গ্লুকোমা ফ্রি ওয়ার্ল্ড। অনুষ্ঠানে গ্লুকোমা রোগের ঝুঁকি, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের গ্লুকোমা বিভাগের কনসালটেন্ট ডা. কথক দাশ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বক্তা হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন, কলকাতার সুসুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের গ্লুকোমা বিভাগের বিভাগীয় প্রধান ডা. নিলয় কুমার মজুমদার। তিনি গ্লুকোমা প্রতিরোধে নিয়মিত চোখ পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সাইন্টেফিক পার্টনার হিসেবে যুক্ত হয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী, হাসপাতালের ডিরেক্টর ডা. মোহাম্মদ মহিউদ্দীন, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, চিফ কনসালটেন্ট ডা. আলতাফ উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্নাসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্লুকোমা নীরব দৃষ্টিনাশক রোগ হিসেবে পরিচিত। সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগের কারণে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। তাই বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চোখ পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে নিহত আরও এক বাংলাদেশি, ঢাকার উদ্বেগ
পরবর্তী নিবন্ধইরানের সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি