বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে নাটকীয়ভাবে মালিকানা হারানো চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির (চট্টগ্রাম রয়্যালস) ক্রিকেটারদের সমস্ত পাওনা পরিশোধ করেছে বিসিবি। রমজানের প্রথম দিন মিরপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নাঈম শেখদের হাতে পাওনার চেক তুলে দেওয়া হয়। বিপিএল শুরুর মাত্র একদিন আগে আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে মালিকানা ছেড়ে দিয়েছিলেন চট্টগ্রামের মালিক কাইয়ুম রশিদ। সংকটের সেই মুহূর্তে দলটির দায়িত্ব কাঁধে তুলে নেয় বিসিবি। এরপর টালমাটাল পরিস্থিতি সামলে কোচিং স্টাফ থেকে শুরু করে সবকিছু নতুন করে সাজানো হয়। বিসিবির সেই আস্থার প্রতিদান মাঠেই দিয়েছিলেন শেখ মেহেদীর দল। ফাইনালে রাজশাহীর কাছে হারলেও পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গেই খেলেছিল তারা। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু, নাজমুল আবেদীন ফাহিম এবং দলটির মেন্টর হাবিবুল বাশার সুমন।












