চট্টগ্রাম ভেন্যুতে যশোরের জয়

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক  | সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম ভেন্যুর খেলা শুরু হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি এ ভেন্যুর উদ্বোধনী খেলায় যশোর ৬ উইকেটে মাদারীপুর জেলাকে পরাজিত করে। টসে জিতে মাদারীপুর প্রথমে ব্যাট করতে নামে। ৪৬.৪ ওভার খেলে তারা ২০১ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে মো. আল আমিন সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া আবিদ ঢালী ৫৪ এবং রাকিব হাওলাদার ২১ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ৩০ রান। যশোরের পক্ষে মেহেদি হাসান এবং টিপু সুলতান যথাক্রমে ৩৩ ও ২০ রান দিয়ে ৪টি করে উইকেট তুলে নেন। ১টি উইকেট পান আরিফুল। জবাবে যশোর জেলা দল ৩৮.১ ওভার খেলে জয় নিশ্চিত করে ফেলে। ৪ উইকেট হারিয়ে তারা ২০৫ রান তুলে নেয়। দলের হয়ে শাহরিয়ার সাকিব ৫৪,সাদমান রহমান ৩৩,ইমরানুজ্জামান ২৬ এবং মিকাইল ১৮ রান করেন। কালাম সিদ্দিকি ৪৪ এবং তরফদার ১৩ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। মাদারীপুরের তাইফ মো. রাজিন ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান নুরুজ্জামান এবং ওয়াহিদুজ্জামান। এর আগে সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় কোচ মো. মোমিনুল হকসহ অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ। আজকের খেলায় অংশ নেবে লক্ষ্মীপুর এবং খাগড়াছড়ি জেলা।

পূর্ববর্তী নিবন্ধআবারো ভারতের কাছে হেরে রানার্স আপ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রফেসর রনজিৎ কুমার ধর