চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন ৩ মার্চ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে একই দিনে বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করা হবে। গত মঙ্গলবার চবিসাস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি২০২৬ প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চবিসাস নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের জন্য সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক, অর্থ ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা ও ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ১ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। ১ মার্চ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। একই দিন বিকাল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও ভোটগ্রহণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়।নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। কমিশনার হিসেবে রয়েছেন মো. খাইরুল ইসলাম ও মোহাম্মদ মীর হোসেন মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধলামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফুলকিতে ভাষা কর্মশালা ‘ভাষার ভেলায় বইয়ের ভুবন’