মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অস্থিরতা অব্যাহত থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার আরও ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব রুটের ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়ও।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সারাদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি এয়ার আরাবিয়ার ৩টি এরাইভাল ও ৩টি ডিপার্চার এবং ইউএস–বাংলা এয়ারলাইনসের ৩টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। তবে সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে। শুক্রবার সালাম এয়ার–এর মাস্কাট–চট্টগ্রাম রুটে দুটি এরাইভাল ফ্লাইট এবং চট্টগ্রাম–মাস্কাট রুটে দুটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা–চট্টগ্রাম রুটের একটি এরাইভাল ফ্লাইট এবং চট্টগ্রাম–জেদ্দা রুটের একটি ডিপার্চার ফ্লাইট চলাচল করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইনসের মাস্কাট–চট্টগ্রাম রুটে একটি এরাইভাল ফ্লাইট ও চট্টগ্রাম–মাস্কাট রুটে একটি ডিপার্চার ফ্লাইট চলাচল করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবারের ১৪টি ফ্লাইটসহ এখন পর্যন্ত মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।












