কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি–টোয়েন্টি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ (সিএসসিএল)। গতকাল বৃহস্পতিবার হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লিগের ফাইনাল খেলায় কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ ১১ রানে পাইরেটস অব চিটাগাংকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ ১৯.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহনাজ পারভীন ২৩ রান করেন। বাকিরা কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ২টি করে উইকেট নেন মাহারুন জয়া এবং পূরবী পাটোয়ারী। ৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাইরেটস অব চিটাগাং ১৭.৫ ওভার খেলে ৪২ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন বিবি আয়েশা। এ দলেরও বাকিরা কেউ দুই অংক স্পর্শ করতে পারেনি। কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ এর পক্ষে ৮ রানে ৩টি উইকেট পান নিশি ইসলাম। ২টি উইকেট নেন এশা রহমান। চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত বিভাগীয় মহিলা টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ কে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। রানার আপ পাইরেটস অব চিটাগাং দলকে ট্রফি সহ দেয়া হয় নগদ ৩০ হাজার টাকা অর্থ পুরস্কার। ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি এবং দুই হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করেন নিশি ইসলাম। ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ২৩ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অপর্না দে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও অপর্না দে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ৮৫ রান করা তন্বী। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কন্টিনেন্টাল গ্রুপের পরিচালক রুদমিলা মাঈশা ইকবাল। এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ তপন দত্ত, সাবেক ক্রিকেটার আরিফ আহমেদ চৌধুরী, নারী ক্রিকেট কোচ পারমিতা দত্ত।











