চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-২০ ক্রিকেট লিগ ৭ মার্চ শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

কন্টিনেন্টাল গ্রুপের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি২০ ক্রিকেট লিগ ২০২৬ আগামী ৭ মার্চ থেকে শুরু হবে। এদিন সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নারী ক্রিকেটাররা ৪টি দলে ভাগ হয়ে অংশ নেবেন। তারা একে অপরের সাথে খেলবে। পরে শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। টুর্নামেন্ট শুরু উপলক্ষে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে আবদুল হান্নান আকবর। তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বিসিবির কয়েকজন পরিচালক উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী ৪টি দল হচ্ছে পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব ও টিম আইএসসিএল। উদ্বোধনী দিনে পাইরেটস অব চিটাগংটিম আইএসসিএল এবং রাইজিং স্টার জুনিয়রসিএসসিএল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। লিগের ম্যাচগুলো হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে ২টি মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। আসন্ন এ লিগে ‘এ’ ক্যাটাগরিতে ১২জন (যাদের ম্যাচ প্রতি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা), ‘বি’ ক্যাটাগরিতে ১৫জন (যাদের ম্যাচ প্রতি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা) ও ‘সি’ ক্যাটাগরিতে ২৯জন খেলোয়াড় (যাদের ম্যাচ প্রতি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার) রয়েছেন। প্রথমবারের মতো আয়োজিত এ লিগের যাবতীয় ব্যয় বহন করবেন স্পন্সর প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপ। অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের জন্য ২টি আবাসিক হোটেলের ব্যবস্থা ও ভেন্যুতে আসাযাওয়ার জন্য এসি বাসের রাখা হয়েছে। আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা সাবেক কৃতী ক্রিকেটার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবদুল হান্নান আকবর, কন্টিনেন্টাল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা আবু নাসের মো. মাশুক ও বিভাগীয় কোচ মোমিনুল হক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এছাড়া সাবেক কৃতী ক্রিকেটার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জি এম হাসান, ফরিদ আহমেদ বাবু, প্রকৌশলী ফজলে রাব্বি খান সাজ্জাদ, আরিফ আহমেদ চৌধুরী,আবু সামা বিপ্লব ও অংশুমান ঘোষ পিটার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী এপ্রিলে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে নারী বিপিএল। চট্টগ্রামের দল গঠনের প্রস্তুতি হিসেবে এ মহিলা লিগ ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন সংবাদ সম্মেলনে উপস্থিত আয়োজকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসিডনিতে সকালে মাঠে বিকেলে অপেরা হাউজে গেলেন ঋতুপর্ণা-আফঈদারা
পরবর্তী নিবন্ধনা ফেরার দেশে অভিনেতা বৈদ্যনাথ সাহা