চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক খোকনের জামিন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকনের জামিন চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার তার জামিন মঞ্জুর করেন। নগর পুলিশের সহকারী কমিশনার আরিফ ইকবাল দৈনিক আজাদীকে বলেন, ইব্রাহীম খোকনের আইনজীবী তার জামিন চেয়ে একটি আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেছেন। গত সোমবার সন্ধ্যায় বন্দর এলাকা থেকে ইব্রাহীম খোকনকে আটক করা হয়। নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন তিনি আটক হন।

এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে লাগাতার কর্মবিরতি হয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে। এর নেতৃত্বে থাকা ইব্রাহীম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদকও।

পূর্ববর্তী নিবন্ধগ্রামের পথে মানুষের ঢল 
পরবর্তী নিবন্ধদুর্নীতির ধারণা সূচকে সামান্য উন্নতি