চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের আজ বুধবার ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে নগরীর পতেঙ্গা থানাধীন পতেঙ্গা-কাঠগড়, নাজিরপাড়া, মাইজপাড়া, ফুল চৌধুরী পাড়া ও দক্ষিণ পতেঙ্গা বিমান বন্দর এলাকাসহ লালদিয়ারচর এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের বলেন, চট্টগ্রাম নামেই বাণিজ্যিক রাজধানী; বাণিজ্যিক রাজধানীর দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটনের অপার সম্ভাবনাকে কোন সরকারই কাজে লাগায়নি। গত ৩৫ বছরে দিনদিন এই চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য সংকুচিত হয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ীদের কল্যাণে-ব্যবসা বান্ধব কোন উদ্যোগ নেননি-কোন সরকার। চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের অর্থনীতির চাকা সচল হলেও-বন্দরের দৃশ্যমান তেমন উন্নয়ন হয়নি। বন্দর ঘিরে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়েনি। এসময় তিনি এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের আ্হবান জানান।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বন্দর-পতেঙ্গা আসনে লাঙ্গল জয়ী হলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে। সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পণ্য খালাস থেকে শুরু করে, রপ্তানি পণ্য জাহাজিকরণ, আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা নেওয়া, অফডক থেকে কনটেইনার আনা নেওয়ার বিষয় গুলো সহজীকরণ করো হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক, নাছির উদ্দীন সিদ্দিকী, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, চট্টগ্রাম উওর জেলা জা-পা সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, যুব নেতা কায়সার হামিদ মুন্না, জাপা নেতা মোহাম্মদ আরমান, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, আবদুল লতিফ, জাহিদুর ইসলাম জাহিদ, মোহাম্মদ ওসমান প্রমুখ।












