চট্টগ্রাম বন্দরে পোর্ট সিঙ্গেল উইন্ডো উদ্বোধন

সব সংস্থা এক প্লাটফর্মে, বাঁচবে সময় স্মার্ট ও পেপারলেস বন্দর ব্যবস্থাপনার পথে ঐতিহাসিক অগ্রযাত্রা : বন্দর চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো (সিপিএ স্কাই)’ উদ্বোধনকে স্মার্ট ও পেপারলেস বন্দর ব্যবস্থাপনার পথে ঐতিহাসিক অগ্রযাত্রা বলে উল্লেখ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেছেন, সারা দুনিয়া জেনে যাবে আমাদের চট্টগ্রাম পোর্ট ডিজিটাল পোর্ট হয়ে গেল। আন্তর্জাতিক মানের প্লাটফর্মে, ডিজিটাল মেরিটাইম লজিস্টিক করিডোরে আমরা ডাইরেক্ট কানেক্টেড হলাম। কাস্টমসের ইজিএম, আইজিএম কাজগুলো এটার মাধ্যমে করা যাবে। প্রিঅ্যারাইভাল প্রসিডিওর হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর ভবনের বোর্ড রুমে পোর্ট সিঙ্গেল উইন্ডো উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এনবিআর, কাস্টমস ও পোর্ট সংক্রান্ত সব সেবার জন্য পোর্ট সিঙ্গেল উইন্ডো চালু করা হলো। নতুন এ প্লাটফরম ভবিষ্যতের দ্বার খুলে দিল, যার সুফল ৫০১০০ বছর এদেশের মানুষ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়ব। তিনি বলেন, এই সিস্টেম চালুর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমে ৩ থেকে ৫ গুণ গতি বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বন্দরের অটোমেশনের জন্য দীর্ঘদিন ধরে কাজ চলছে উল্লেখ করে বন্দর চেয়ারম্যান বলেন, চুয়েট অত্যন্ত সহযোগিতা করেছে। পুরো টিম এ জটিল কাজটি সময়মতো সুচারুরূপে করতে সক্ষম হয়েছে। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বন্দর চেয়ারম্যান বলেন, বর্তমানে পৃথিবীর সব পোর্ট ডিজিটাল, অটোমেটেড হয়ে যাচ্ছে। ডিজিটাল করিডোরে যে ট্রানজেকশন হচ্ছে লজিস্টিক সেক্টরে সেটি থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। অনেকে বলে, আমাদের তো টার্মিনাল অপারেটিং সিস্টেম আছে, এনবিআরের অ্যাসাইকুডা সিস্টেম আছে। কিন্তু প্র্যাক্টিক্যালি আমাদের পোর্ট সিঙ্গেল উইন্ডো ছিল না। একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো হচ্ছে পুরো দেশের জন্য। সেটি এনবিআর করছে। আরেকটি মেরিটাইম সিঙ্গেল উইন্ডো হচ্ছে। ডিজি শিপিং করছে। আমরা যেটি করেছি সেটি হচ্ছে পোর্ট কমিউনিটি সিস্টেম। এখানে সব সংস্থা সংযুক্ত। এক প্লাটফর্মে এসেছে। আগে যে কাজগুলো ফিজিক্যালি করতে হতো, টেবিলে, ডেস্কে, কাস্টমস, ব্যাংক, ফ্রেইট ফরওয়ার্ডের কাছে যেতে হতো, এখন এই কাজগুলো ডিজিটাল প্লাটফর্মে হচ্ছে। যার ফলে আগে যে কাজে পাঁচ দিন লাগত এখন তা আধ ঘণ্টায় হবে। এতে আমাদের সময় বেঁচে যাবে, ফার্স্ট হবে কার্গো ডেলিভারি, জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে আসবে। আমাদের মুভমেন্ট কমে যাবে। গ্রিন পোর্ট হবে। এটা বড় ধরনের মাইলফলক।

তিনি বলেন, আগে আমদানি পণ্য দেশে আনার পর ডেলিভারি প্রক্রিয়া শুরু হতো। কাস্টমস ফরমালিটি, গেটপাস করে ডেলিভারি হতো। এখন লোড পোর্ট থেকে অনলাইন প্লাটফর্মে হবে। আর কোনো টেনশন থাকল না। ২৪ ঘণ্টা ৭ দিন যেখান থেকে ইচ্ছে কাজগুলো করা যাবে। আমাদের অফিশিয়াল ফাংশন হবে ডিজিটাল। আমরা পেপারলেস হয়ে যাব। আমি বলে দিয়েছি, আমি টেবিলে পেপার দেখতে চাই না। আর কিছুদিন সময় লাগবে অভ্যস্ত হতে।

বন্দর চেয়ারম্যান বলেন, নতুন সিস্টেমে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হবে। আগে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন থাকত, অনেক সময় মিস ম্যানেজমেন্ট হতো, ডেলিভারি ডিলে হতো। এর কারণে ভোক্তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হতেন। এখন আমাদের কার্গো, টার্ন অ্যারাউন্ড টাইমসহ টোটাল প্রোডাক্টিভিটি সব বেড়ে যাবে।

বন্দর চেয়ারম্যান বলেন, পোর্ট সিঙ্গেল উইন্ডোর হেল্প ডেস্ক রাখব। কয়েকটা ক্যাম্পেইন করেছি। এজেন্ট ডেস্ক করেছি। এ সেবার জন্য ন্যূনতম চার্জ দিতে হবে। ঢাকাচট্টগ্রামে কল সেন্টারের মতো এজেন্ট ডেস্ক হওয়া উচিত। এ সুবিধা না থাকলে যে কাজে পাঁচসাত দিন লাগত তা আধ ঘণ্টায় হয়ে যাবে। অনেক খরচ সাশ্রয় হবে। সব মিলে আমি বলব, এটি বাস্তবমুখী, যুগান্তকারী এবং ব্যবহার উপযোগী প্লাটফর্ম। একটি মাত্র লগইনের মাধ্যমে সকল বন্দরসেবা গ্রহণের সুবিধা।

উল্লেখ্য, সিপিএ স্কাই নামের ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’র সাহায্যে ডিজিটাল রাডার ও অটোমেটেড ভেসেল ট্র্যাকার ব্যবহারের মাধ্যমে জাহাজের অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। আমদানিরপ্তানিকারকদের এক প্ল্যাটফর্ম থেকে সব অনুমোদন ও কার্গো ক্লিয়ারেন্স সম্পন্নের সুযোগ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ব্যাংক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সরাসরি ডাটা শেয়ারিং এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা সহজীকরণ হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গতকাল উদ্বোধনী দিনের ড্যাশবোর্ড অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের বার্থ ইউটিলাইজেশন ৬৭ শতাংশ, যেখানে মোট ২১টির মধ্যে ১৪টি বার্থ সচল রয়েছে। পাশাপাশি সিস্টেমে ১২৮টি জাহাজ ট্র্যাক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে রিকশা চালক খুন
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে