চট্টগ্রাম থেকে ৫০ রুটে প্রতিদিন চলবে ১ হাজার বাস

বাসে ঈদযাত্রা ১৬ মার্চ থেকে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশব্যাপী যাত্রী পরিবহনের লক্ষ্যে আন্তঃজেলার দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। ঈদযাত্রায় নির্বিঘ্নে যাত্রী পরিবহনের জন্য এখন থেকে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। আন্তঃজেলা বাস মালিক সমিতির কর্মকর্তারা জানান, আগামী ১৬ মার্চ থেকে আন্তঃজেলা বাসের অগ্রিম টিকিটের যাত্রী পরিবহন শুরু হবে। প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২শ’ এসি ও ননএসি বাস চলাচল করবে সারাদেশে। এসব বাসে প্রায় ৪০ হাজারের বেশি যাত্রী পরিবহন হবে বলে জানান আন্তঃজেলা বাস মালিক সমিতির কর্মকর্তারা।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকা, কুমিল্লা, সিলেট, রাজশাহী ও উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন রুটে জনপ্রিয় দূরপাল্লার বাস সার্ভিস সমূহ বিশেষ করে শ্যামলী, হানিফ পরিবহন, গ্রীণ লাইন, সৌদিয়া, এস আলম, ইউনিক, দেশ ট্রাভেল, তিশা পরিবহন, ঈশিতা পরিবহন, শান্তি পরিবহন, সিল্ক লাইন, ইকোনো সার্ভিস, সেন্টমার্টিন, এ কে ট্রাভেলস, সেন্টমার্টিন ট্রাভেলস, স্বাধীন পরিবহন, মারছা পরিবহনের এসি ও ননএসি বাস সমূহ চলাচল করবে।

আন্তঃজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন আজাদীকে জানান, আগামী ১৬ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হবে। সারাদেশে প্রতিদিন ১ হাজার থেকে ১২শ’ গাড়ি এসিননএসি গাড়ি যাত্রী পরিবহন করবেন। প্রতিদিন গড়ে ৪০ হাজারের বেশি যাত্রী ঈদ করার জন্য বাড়ি ফিরতে পারবেন। এখন যাত্রী কম, তাই গাড়ি একটু কম চলে। ঈদের সময় প্রতিদিন উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গসহ সারাদেশে ১ হাজার গাড়ি চলবে। এখন যাত্রী একটু কম। তাই এখন গাড়ি একেবারেই কম চলে। এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যাত্রীরা ভালোভাবে পরিবার পরিজন নিয়ে ঈদে বাড়ি ফিরতে পারবেন। ঈদের তিনদিন আগে থেকে ১২শ’র মত গাড়ি চলবে। আমাদের আন্তঃজেলায় ১২শ’র বেশি গাড়ি আছে। ঈদে অন্যান্যবারের মতো এবারও প্রতিদিন চট্টগ্রাম থেকে ৪০ হাজারের বেশি যাত্রী নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারবেন জানান বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসযাত্রীদের মাঝে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিআরটিসি বাস কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ওইখান থেকে অগ্রিম টিকিট নেয়ার পর নগরীর দামপাড়া, অলংকার মোড়, একেখান গেইট, বিআরটিসি, কর্নেলহাট গেইট, নেভি গেইট, বায়েজিদসহ যে কোনো কাউন্টার থেকে যাত্রীরা উঠতে পারবেন।

এদিকে ঈদযাত্রার অগ্রিম টিকিটের বাড়ি ফেরা শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। ট্রেনে ঈদুল ফিতরের প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে বলে জানান রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা। ঈদে ট্রেনে প্রতিদিন চট্টগ্রাম থেকে ১২ থেকে ১৫ হাজার যাত্রী নির্দিষ্ট গন্তব্যে ফিরতে পারবেন বলে জানান রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী আস্তানা, অস্ত্র তৈরির কারখানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস