চট্টগ্রাম কাস্টমসে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আগামী ৩১ মার্চের ৪৯ লট পণ্যের বিশেষ অনলাইন নিলাম এবং ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ৭৪ লট পণ্যের নিলামের সময় বাড়ানোর দাবি জানিয়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার বরাবর চিঠি দিয়েছেন নিলাম ব্যবসায়ীরা। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বিডারদের দাবির বিষয়ে ঈদের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ৩১ মার্চের নিলামের পণ্য দেখার সময় নির্ধারণ করেছে গত ৫ মার্চ থেকে আগামীকাল ১৮ মার্চ পর্যন্ত। এছাড়া আগ্রহী বিডারদের কাছ থেকে নিলামের পণ্যের প্রস্তাবিত মূল্য গ্রহণ করার সময় নির্ধারণ করেছে ৪ মার্চ সকাল ৯ থেকে বিকেল ৩১ মার্চ বিকেল ৩টা পর্যন্ত। অপরদিকে ৮ এপ্রিলের নিলামের পণ্য দেখার সময় নির্ধারণ করেছে গত ৮ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত। এছাড়া আগ্রহী বিডারদের কাছ থেকে নিলামের পণ্যের প্রস্তাবিত মূল্য গ্রহণ করার সময় নির্ধারণ করেছেন গত ৫ মার্চ সকাল ৯ থেকে বিকেল ৮ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।
তবে নিলাম ব্যবসায়ীরা চিঠিতে উল্লেখ করেছেন, সরকার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। এছাড়া রমজান মাসে সময় স্বল্পতাসহ নানা সমস্যার জন্য দুটি নিলামের পণ্য দেখা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। এছাড়া নিলাম হলেও সবার পক্ষে জামানতের পে–অর্ডার জমা দেয়া সম্ভব নাও হতে পারে। তাই উল্লেখিত দুই নিলামের সময় বাড়ানো জরুরি। চিঠির বিষয়ে চট্টগ্রাম চট্টগ্রাম কাস্টমসের নিয়মিত বিডার মোহাম্মদ নাসিম বলেন, ঈদের ছুটির পর পর দুটি নিলাম আয়োজন করেছে কাস্টমস। ইতোমধ্যে আমরা সঠিকভাবে পণ্য দেখতে পারিনি। তাই নিলামের সময় বাড়ানোর জন্য আমরা নিলাম ব্যবসায়ীরা লিখিতভাবে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মহোদয় বরাবর আবেদন করেছি।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (নিলাম শাখা) আবু সুফিয়ান আজাদীকে বলেন, ব্যবসায়ীদের চিঠি আমরা হাতে পেয়েছি। বিষয়টা নিয়ে কমিশনার স্যারের সাথে আলোচনা হয়েছে। ঈদের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।












