চট্টগ্রাম কলেজ গণিত বিভাগের প্রথম ‘অ্যালামনাই’ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন,জীবনকে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই। শুধু প্রথাগত বিদ্যা বা ভালো ফলাফলই যথেষ্ট নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার যথার্থ প্রয়োগই পারে একটি সুশিক্ষিত জাতি গড়তে।
গতকাল শনিবার কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজনে বক্তারা আরো বলেন, কেবল একটি ভালো পেশা পাওয়াই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নয়; বরং মননে ও ব্যক্তিত্বেও একজন ভালো মানুষ হওয়া জরুরি। ১৯১০ সালে বিভাগটি প্রতিষ্ঠার দীর্ঘ ১১৬ বছরের পথচলায় এবারই প্রথম সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এমন প্রাণের মেলায় মিলিত হলেন।
শুরুতে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে এক র্যালি কলেজের নতুন ভবন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়। শুরুতে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনা করা হয়। গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী। বিভাগের বিভিন্ন সেশনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো ক্যাম্পাস। পুরনো দিনের স্মৃতিচারণ, আড্ডা আর বর্তমান শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতার বিনিময়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজ গণিত বিভাগের একটি শক্তিশালী ‘অ্যালামনাই কমিটি’ গঠন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যকার এই সেতুবন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে।












