চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুদক। এসময় নির্বাহী প্রকৌশলী, এলজিইডির দপ্তরে গিয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করা হয়। পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দৈনিক আজাদীকে এ কর্মকর্তা জানান, চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রামে অভিযান চালানো হয়েছে। অভিযানে চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় দায়িত্ব খতিয়ে দেখা হবে। এরপর এনফোর্সমেন্ট টিম কর্তৃক দ্রুত সময়ের মধ্যে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।












