চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির আয়োজনে গত ২১ ও ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। কর্মশালা উদ্বোধন করেন চবি জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়াবলির পাশাপাশি গাণিতিক কসমোলজি ও মহাকাশ বিজ্ঞান, বাহ্যগ্রহ নিয়ে আলোচনা এবং টেলিস্কোপের গঠন ও আকাশ পর্যবেক্ষণের পদ্ধতিগুলো হাতে–কলমে প্রদর্শন করা হয়। নবম থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
‘মহাবিশ্বের অজানা প্রশ্ন ও বিস্ময়কর অভিযাত্রা ‘শীর্ষক এ আয়োজনের অংশ হিসেবে আরও ছিল হ্যান্ডস–অন অ্যাক্টিভিটি, টেলিস্কোপে দিন ও রাতের আকাশ পর্যবেক্ষণ, অ্যাস্ট্রো টক্ এবং স্পেস ডিবেট। কর্মশালার বিভিন্ন পর্বে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক রাজিব কর্মকার, জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার সৌখিন বিজ্ঞান লেখক শরীফ মাহমুদ সিদ্দিকী, চট্টগ্রাম এস্ট্রোনমিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মো. আবু আজাদ তামিম, সম্পাদক নুসরাত মাহজাবিন তানহা, এস এম মাহথির রহমান এবং হাসান মাহমুদ সজীব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রামের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মোরসালিন অন্তরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোনমি এডুকেশন কোঅর্ডিনেটর ও চুয়েট গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। অনন্যা রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সৃষ্টির এই বিশাল রহস্য জানার জন্য জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। বহির্বিশ্বে এবিষয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে, অজানা মহাবিশ্বকে জানার চেষ্টা চলছে। প্রেস বিজ্ঞপ্তি।










