চট্টগ্রামে ৯১ নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনা শনাক্তের হার এক লাফে বেড়ে ৩৭ শতাংশে উঠেছে। বুধবার ৯১ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মাঝে ৩১ জনই নগরীর বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার প্রদত্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এর আগের দিন ১২১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৮ শতাংশ। এর আগে মঙ্গলবার শনাক্তের হার ছিল ২১ দশমিক ১৮ শতাংশ (শনাক্ত ২৫ জন), সোমবার ১৮ দশমিক ৬২ শতাংশ (শনাক্ত ১৯ জন) এবং রোববার ৮ দশমিক ৩৩ শতাংশ (শনাক্ত ১১ জন)। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার শনাক্তের হার বেড়ে ৩৭ দশমিক ৩৬ শতাংশ হয়েছে। শনাক্তের এই হার সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত আগস্ট মাসে চট্টগ্রাম জেলায় করোনা শনাক্তের হার শূন্যের ঘরে নেমে আসে। ১৮ আগস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। তারও আগে ২৯ মে পর্যন্ত আগের দুই মাস চট্টগ্রামে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। ১১ জুন থেকে ধীরে ধীরে আবার সংক্রমণ বাড়তে থাকে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়। ওই মাসে করোনায় তিনজনের মৃত্যু হয় চট্টগ্রামে। মধ্য জুলাই থেকে শনাক্তের হার ফের কমতে শুরু করে। এখন সংক্রমণ আবার বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধনাইট গার্ডকে বেঁধে চার দোকানে লুট
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে