চট্টগ্রাম ভেন্যুতে বিপিএল ম্যাচ আয়োজনের দাবিতে বিপুল সংখ্যক ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রিকেট প্রশিক্ষকসহ সর্বস্তরের ক্রীড়ামোদীদের অংশগ্রহণে গতকাল বুধবার বিকাল ৩:৩০ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও বিশিষ্ট রাজনীতিবিদ ইসরাফিল খসরু। সভায় প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ভেন্যুতে বিপিএল ম্যাচ আয়োজনে না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামের বিরুদ্ধে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর জনগন অতীতের মত ঐক্যবদ্ধ। তিনি বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন দ্রুততম সময়ে চট্টগ্রামে বিপিএল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দাবী আদায় করে নেয়া হবে। বিশেষ অতিথি ইসরাফিল খসরু তার বক্তব্যে চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণে দুঃখ প্রকাশ করে বিসিবিকে চট্টগ্রাম ভেন্যুতে বিপিএল ম্যাচ আয়োজনের অনুরোধ জানান। তা না হলে চট্টগ্রামের মানুষ বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। বিসিবি’র প্রাক্তন পরিচালক সিরাজ উদ্দিন মো. আলমগীরের সঞ্চাচালনায় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও শাহাবুদ্দিন জাহাঙ্গীর, চট্টগ্রাম সিটি মেয়রের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল আহাদ রিপন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।








