নগরীর এঙেস রোডে অবস্থিত মাঞ্জুমা প্যালেস কনভেনশন হলে গত শুক্রবার বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের উদ্যোগে দোয়া–ইফতার মাহফিল ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আলী আরশাদের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব লিয়াকত আলী হাওলাদারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির সদস্য সচিব সৈয়দ মইনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইফতার মাহফিল আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল করিম, সহসভাপতি এম এইচ এস মিজান, সিনিয়র সহসভাপতি এম জহিরুল আলম এবং কেন্দ্রীয় সহসভাপতি ও দোয়া–ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির। বক্তারা তাদের বক্তব্যে বরিশাল বিভাগের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। কৃতী শিক্ষার্থীদের প্রসঙ্গে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় সমিতি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির সংগঠনের অন্যতম উপদেষ্টা কে এম মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আবেদন জানান। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর আব্দুল করিম তার বক্তব্যে ভবিষ্যতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি পৃথকভাবে করার উপর গুরুত্ব আরোপ করেন। মঞ্চে আসনগ্রহণকারী ব্যক্তি ও অঞ্চল কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রমজান মাসের তৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন ড. আমিনুল হক, চেয়ারম্যান, দাওয়া বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। সর্বশেষ আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা মোঃ নোমান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।










