চট্টগ্রামে প্রথম পতেঙ্গায় একটি ওয়ার্ডে দেওয়া হবে ফ্যামিলি কার্ড : ডিসি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথম নগরীর পতেঙ্গায় একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার একটি ওয়ার্ডে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচিত ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে ডেকে আলোচনা করেছি, যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করা যায়। যারা প্রকৃত দাবিদার, বিশেষ করে অসহায় নারীরা, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হনসেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলমত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়নে আমরা বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, সারা দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, যা ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি জানান, বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি নির্ধারিত কমিটি কাজ করবে। তবে আমরা শুধু ওই কমিটির ওপর নির্ভর করব না। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কীভাবে এই নীতিমালা আরও নির্ভূল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। মনিটরিংয়ের বিষয়ে তিনি বলেন, ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন। প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এ বিষয়ে আজ (গতকাল) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একটি ভার্চুয়াল সভা রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সেখানে আমরা আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার আশা করছি। প্রসঙ্গত, গত মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালু করতে গঠিত কমিটির সভা হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ১০ মার্চ প্রাথমিকভাবে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সার্জেন্টের উপর হামলা, ডাম্পার চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে নবনির্মিত গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১৫