আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাত ১২ টা থেকে পরদিন ভোট গ্রহণের দিন রাত ১২ টা পর্যন্ত চট্টগ্রাম জেলার নির্বাচনী এলাকায় চার ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বুধবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ভোট গ্রহণের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন তথা ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলার নির্বাচনী এলাকায় ট্যাঙি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য–চিকিৎসা, সংবাদপত্র বহনকারী যানবাহন, আত্মীয়–স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়–স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়–স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী পরিবহন, বিমানবন্দরগামী যাত্রীবাহী যানবাহন এবং নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।












