বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতা। গতকাল শনিবার সকালে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের স্থায়ী ক্যাম্পাসের সুউচ্চ পাহাড়ের মনোরম পরিবেশে সারা দেশ থেকে আসা ৪০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ প্রতিযোগিতায় সুউচ্চ পাহাড় থেকে সাইকেল নিয়ে ঝুকিপূর্ণ সরু সড়ক ও সিড়ি পেরিয়ে দ্রুত গতিতে নীচে নেমে আসার দুঃসাহসিক ইভেন্টটি উপস্থিত দর্শকরা উপভোগ করেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী চট্টগ্রামের সন্তান বাবর আলী,সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের কর্মকতারা। প্রতিযোগিতার ফলাফল: ১ম আহমেদ তাহমিদ চৌধুরী, ২য় জাহিদ হাসান আশিক, ৩য় মো. আল হাফেজ, ৪র্থ মো. হাবিব হোসাইন আরমান ও ৫ম আরিয়ান ইসলাম আকাশ।












