চট্টগ্রামে ঢাকার ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার জালিয়াতি-প্রতারণা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

শেয়ার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ইউসুফ আব্দুল্লাহ হারুন নামে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, পরোয়ানাটি ঢাকার বনানী থানায় প্রেরণ করা হয়েছে। তিনি জানান, জালিয়াতি ও প্রতারণার মামলাটির তদন্ত শেষে গত বছরের ১২ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরই প্রেক্ষিতে আদালত ব্যবসায়ী ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালতসূত্র জানায়, ২০০৬ সালে ঢাকাচট্টগ্রাম জুড়ে ব্যবসা করা ইনকনট্রেড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ২৩০০ শেয়ারের মধ্যে মো. আমিরুল হক ও তার স্ত্রী ৫০০ শেয়ারের মালিকানা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে ২০০৭ ও ২০০৯ সালে কোম্পানির শেয়ার বৃদ্ধি করা হলেও আমিরুল ও তার স্ত্রীকে সে বিষয়ে অবহিত করা হয়নি। কোম্পানির বোর্ড মিটিংয়ের নোটিশ না দিয়েই জাল রেজুলেশন দেখিয়ে বিপুল পরিমাণ শেয়ার বৃদ্ধি করা হয় এবং সেই শেয়ার এককভাবে নিজের নামে বরাদ্দ নেন ইউসুফ আব্দুল্লাহ হারুন। প্রথম দফায় ৩ লাখ ৭০ হাজার ৯৬৭টি এবং দ্বিতীয় দফায় ৬ লাখ ২৭ হাজার ৫৩৩টি শেয়ার বৃদ্ধি করে মোট প্রায় ৯ লাখ ৯৮ হাজার ৫০০টি শেয়ার নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। এর বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। জালিয়াতি ও প্রতারণার এমন ঘটনা নজরে আসার পর গত বছরের জুলাই মাসে আমিরুল হক চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধচুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে হেনস্তা
পরবর্তী নিবন্ধআরএস রেকর্ড অনুযায়ী খাল পুনরুদ্ধার করা হবে : মেয়র