চট্টগ্রামে টেকসই উন্নয়নে সহযোগিতার আশ্বাস

সিডিএ চেয়ারম্যানের সাথে মতবিনিময়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। রাষ্ট্রদূত গতকাল মঙ্গলবার বিকেলে সিডিএ কার্যালয়ে পৌঁছালে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম তাকে স্বাগত জানান। পরে সিডিএ চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, সিডিএ মাস্টার প্ল্যান এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সিডিএ’র সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপপ্রধান নগর পরিকল্পনাবিদ ইছা আনসারী। পাশাপাশি ভিজিটিং টিম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি পৃথক প্রেজেন্টেশন প্রদান করে।

মতবিনিময় সভায় জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব নগরায়ণ এবং ‘ওয়ান সিটি টু টাউন’ পরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন সিডিএ চেয়ারম্যান। জবাবে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল চট্টগ্রামের টেকসই উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব স্বাস্থ্য দিবসে চট্টগ্রাম মেডিকেল কলেজে সেমিনার
পরবর্তী নিবন্ধদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা