নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার সহায়তায় চট্টগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যুক্ত হচ্ছে নতুন তিনটি পণ্য। টিসিবির নগরী ও জেলার কার্ডধারীদের প্যাকেজের সাথে নতুন তিনটি পণ্য– লাক্স সাবান, ডিটারজেন্ট পাউডার ও কাপড় ধোয়ার সাবান। টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম আজাদীকে জানান, নগরী ও জেলায় কার্ডধারীদের প্যাকেজের মধ্যে চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি দেওয়া হয়। এখন চলতি মাস থেকে লাক্স সাবান ১টি, ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম এবং ১২৫ গ্রাম কাপড় ধোয়ার সাবানও দেয়া হবে।
তিনি বলেন, লাক্স সাবান ১টি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম ৬০ টাকা এবং কাপড় ধোয়ার সাবান একটি ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তিনটি শহর এবং জেলার সব ফ্যামিলি কার্ডধারীরা পাবেন।
টিসিবির চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছে তাদের কার্ড প্রদর্শন করে প্রতি মাসে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি পেয়ে থাকেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা। এখন এই চারটি প্যাকেজের সাথে চলতি মাস থেকে আরও তিনটি পণ্য যুক্ত হতে যাচ্ছে, এই তিনটি পণ্য হলো– লাক্স সাবান, ডিটারজেন্ট পাউডার ও কাপড় ধোয়ার সাবান।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম আরও জানান, চলতি মাস থেকে টিসিবির ট্রাকসেল আবার চালু হবে। যারা টিসিবির ফ্যামিলি কার্ড যারা পাননি–তারা উন্মুক্ত পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে টিসিবির এসব পণ্য নিতে পারবেন। সরকার দেশব্যাপী গরীব–অসহায় মানুষজন যাতে প্রতিদিনের নিত্যপণ্য সামগ্রী সরকারি ন্যায্যমূল্যে পায় সে জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণের উদ্যোগ নেয়। আর যাদের কার্ড নেই তাদের জন্য ট্রাকসেল চালু করে থাকে বছরের প্রায় সময়। ট্রাকসেল শুধুমাত্র নগরীতে চালু করা হয়। এখন নগরীতেও বন্ধ রয়েছে। চলতি মাসের মাঝামাঝি নগরীতে ট্রাকসেল শুলু হবে বলে জানা গেছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান শফিকুল ইসলাম গতকাল আজাদীকে বলেন, চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এর মধ্যে নগরীতে ফ্যামিলি কার্ড পেয়েছেন ১ লাখ ৫ হাজার। আর চট্টগ্রামের ১৫ উপজেলার ১ লাখ ৯৬ হাজার ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছেন।












