চট্টগ্রামে জয়ে নিয়ামক ছিল তরুণ ও নারী ভোটাররা

১৮-৩৩ বছর বয়সি ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে : নির্বাচন কর্মকর্তা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের প্রার্থীদের জয়ের ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করেছে তরুণ এবং নারী ভোটাররা। বিশেষ করে জেলার ১০ সংসদীয় আসনে ভোটের দিন প্রতিটি উপজেলায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অপরদিকে নগরী ও গ্রামে প্রতিটি আসনের ভোটকেন্দ্রে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোটের হার বাড়িয়েছে। ভোট শুরুর আগ থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে তরুণ ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

চট্টগ্রাম নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, চট্টগ্রামে এবার ১৮ থেকে ৩৩ বছর বয়সি ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকার হিসেব মতে, এদের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫১ জন। এবারের সংসদ নির্বাচনে এই তরুণ ভোটারদের ভোটদানে আগ্রহ ছিল বেশি। জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার বিষয়ে তাদের আগ্রহটা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে প্রতিটি ভোটকেন্দ্রে তরুণ ভোটারের উপস্থিতি যেমন ছিল, তেমনি নারী ভোটারের উপস্থিতিও ছিল সবচেয়ে বেশি। উপজেলার প্রায় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিটি আসনে ভোটের হার বাড়িয়েছে।

আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রে ১৫শর মতো নারী ভোট কাস্ট হয়েছে। একই তথ্য জানিয়েছেন ভিংরোল রমজান আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এই কেন্দ্রে ১৬শ নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারার দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬শ এবং মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ১৮শ নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ওষখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮শর উপরে নারী ভোটার ভোট দিয়েছেন বলে জানান এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

এদিকে বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইমদাদুল উলুম মাদ্রাসা ও হাওলা কুতুবিয়া মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ভোটারদের দীর্ঘ লাইন। এই দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, খরণদ্বীপ ইমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ১৮শর বেশি নারী ভোটার ভোট দিয়েছেন। হাওলা কুতুবিয়া মাদ্রাসা কেন্দ্রে ১৭শ নারী ভোটার ভোট দিয়েছেন।

এদিকে চন্দনাইশ উপজেলার বরকল হাই স্কুল কেন্দ্রে ১৮শর বেশি নারী ভোটার ভোট দিয়েছেন বলে জানান এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। একই চিত্র ছিল বরমা ও বৈলতলী ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে। উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংসারের কাজ সামলে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তারা।

নগরীর পতেঙ্গার পূর্ব কাঠগড় এলাকায় হোসেন সুবেদার ইবতেদায়ী মাদ্রাসায় সকাল থেকে ছিল নারীদের উপচেপড়া ভিড়। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কেন্দ্রে ৪২ ভোটের মধ্যে ১৮শ নারী ভোট কাস্ট হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের প্রতিটি ভোটকেন্দ্রে তরুণ এবং নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার ৬৬ লাখ ৮৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৪ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৭২২ জন। নারী ভোটার মোট ভোটারের প্রায় ৪৭.৯ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ
পরবর্তী নিবন্ধতারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন