চট্টগ্রাম হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হালিশহর থানার এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) আয়েশা (৪) ও পাখি (৩৫)।
আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হালিশহরের ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ আসে ৪টা ১৫ মিনিটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।












