চট্টগ্রামে ঈদের প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়ামে

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় এবারের ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৯ টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাকিব হাসান। সভায় স্বাগত বক্তব্যে কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম আসন্ন ঈদুল ফিতর নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসনের নিজস্ব তহবিল হতে গত ঈদুল আযহা নামাজের প্যান্ডেল, ত্রিপল ও ফ্যানসহ সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনায় মুসল্লিরা নামাজ আদায়ের ব্যবস্থা করার সিদ্ধান্তে জেলা প্রশাসক ও কমিটির সভাপতিকে এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এবারের ঈদের প্রধান ঈদ জামাতে ইমামতির দায়িত্ব পূর্বের ন্যায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৩টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আযহা নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গত ঈদুল আযহা ২০২২ এর আয়ব্যয় হিসাব পেশ করেন কমিটির ট্রেজারার সালেহ আহমেদ সুলেমান এবং উক্ত হিসাব উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি অনুমোদন করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, . সাইয়েদ আবু নোমান, এডভোকেট মাহাবুব উদ্দিন আহম্মেদ, মো. দস্তগীর আলম নসু, সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, সাংবাদিক জামাল উদ্দিন, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, মো. আশরাফুজ্জামান আশরাফ, টি. এম মাহবুব, মুফতী নূরুন নবি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির ইফতার মাহফিল