চট্টগ্রামে সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো ১৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এছাড়া পরীক্ষায় আরো ৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২১ জনের হাম ও একজনের রুবেলা শনাক্ত হয়েছে। অন্যদিকে গতকাল ১১ জন শিশুর পরীক্ষার নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৬২ জনের। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন করে ভর্তি হওয়া এসব রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। মহানগর এলাকায় উপসর্গ থাকা ৮৮ রোগী ভর্তি রয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আমরা মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। মহানগর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।












