চট্টগ্রামের নতুন করে গতকাল আরও আটজন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হামে আক্রান্ত হয়েছে মোট ৩৪ জন। এছাড়া গতকাল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন।
গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, নতুন যে আটজনের শরীরে হাম শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ছয় জন নগরীর বাসিন্দা এবং অন্য দুজন উপজেলার। অন্যদিকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ৮৩ জন। এছাড়া এখন পর্যন্ত ৩০৫ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস–রুবেলা ল্যাবরেটরি–এনপিএমএলে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার হামের উপসর্গ নিয়ে ১৫ জন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী হাম–রুবেলার ক্যাম্পেইন শুরু হবে। চট্টগ্রাম জেলাতেও একই দিন থেকে টিকা দেয়া শুরু হবে। ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। কোনো শিশু আগে হামের টিকা পাক বা না পাক, ওই বয়সী শিশুরা এ ক্যাম্পেইনে আরেক ডোজ পাবে।














