চট্টগ্রামের তিন উপজেলায় অভিযান, ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়ম

আজাদী ডেস্ক  | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৫৪ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। গতকাল সোমবার পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা করা হয়েছে।

বাঁশখালী : প্রতিনিধি জানান, উপজেলার শীলকূপ টাইম বাজার এলাকায় সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিভিন্ন সবজি ও ফলের দোকান পরিদর্শন করা হয়।

এ সময় দোকানে মূল্যতালিকা দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয় এবং পণ্য ক্রয়ের বৈধ রশিদ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনটি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লোহাগাড়া : প্রতিনিধি জানান, উপজেলার আধুনগর ও চুনতি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুতের অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর ৫২ ধারায় চুনতি বাজারের নোঙর রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, তাজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং আধুনগর বাজারের অলটাইম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম নিয়মিত চলবে।

ফটিকছড়ি : প্রতিনিধি জানান, উপজেলার কাজিরহাট বাজারে সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা তদারকি এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাতটি মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় রোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ‘সব শালারে পুঁতে ফেল’ বলে তিন সাংবাদিককে মারধর