চট্টগ্রামের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মেয়র

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর টেকসই উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার নগরীর একটি হোটেলে আয়োজিত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে মেয়র বলেন, চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও নাগরিকসেবা আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা আমাদের নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার। এই নগরীতে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

মেয়র বলেন, চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা, নার্সিং শিক্ষা এবং শিল্পায়ন্তএই তিনটি খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। মেয়র বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা গেলে নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সহজ হবে। একই সঙ্গে নার্সিং শিক্ষা ও স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরি হলে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাঈদ আল নোমানসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধহালিম জিলাপি সেমাইয়ে ক্রেতাদের আস্থা