চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে

পতেঙ্গায় গণসংযোগকালে খসরু নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪২ পূর্বাহ্ণ

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রামকে আরও শক্তিশালী করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়া হবে। তিনি গতকাল সোমবার বিকেলে নগরের ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের নাজিরপাড়া, ডেইলি পাড়া ও মাইজপাড়াসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগকালে এসব কথা বলেন। আমীর খসরু বলেন, নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। আমাদের ধর্মে, রাজনীতিতে সব জায়গায় নারীদের অগ্রাধিকারের কথা বলা আছে। নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। অথচ যেখানে আমরা সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলছি, সেখানে নারীদের নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য করেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা শিষ্টাচার বহির্ভূত। এটার ভার জনগণের উপর ছেড়ে দিলাম, জনগণ নিশ্চয়ই এটা বিবেচনা করবে।

আমীর খসরু বলেন, দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপি নেতা ডা. নুরুল আফসার, মো. ইসমাইল, মোহাম্মদ সাত্তার, মো. ইলিয়াস, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইকবাল, নাজিম উদ্দিন, মো. আজম প্রমুখ।

এর আগে আমীর খসরু ৩৭ নং ওয়ার্ডের এম আজিজের মসজিদের সামনে থেকে শুরু করে ঘাসি মাঝির পাড়া, চৌচালা, আনন্দবাজার, জাফর খান পাড়া, ভেন্ডা চৌধুরী পাড়া মুন্সিপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, হাসান মুরাদ কামাল উদ্দিন, ফারুক আহমেদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, শাহাবুদ্দিন সাবু, শওকত আলী, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, আমিনুল ইসলাম, ইসাক সালেহ, মোজাম্মেল হক, মো. হাসান, শহিদুল আলম আরজু, মো. সিরাজ, শুক্কুর, জাহাঙ্গীর, বকতিয়ার আব্বাস নাজিম রাকিব, শওকত, সাইদুর রহমান, কফিল, সালাউদ্দিন, শাহজাহান, ওয়াহিদ ইমাম খান সালাত।

পূর্ববর্তী নিবন্ধদেড় কোটি টাকার সুপারি বিক্রি ৬৩ লাখে
পরবর্তী নিবন্ধবন্দরের কার্যক্রমে স্থবিরতা