চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে তরুণদের ভূমিকা রাখতে হবে

ইয়ুথ ডেলিগেশন পুনর্মিলনী অনুষ্ঠানে মেয়র শাহাদাত

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে হলে তরুণদের ভূমিকা রাখতে হবে, বিশেষ করে তরুণদের দেশের অর্থনৈতিক রূপান্তরে দক্ষ করে তুলতে সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে আয়োজিত আইটেক ডে ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককে টিকিয়ে রাখা ও শক্তিশালী করার মূল চালিকাশক্তি তরুণ প্রজন্ম; এমন মন্তব্য করে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন বলেন, আপনারা শুধু ব্যক্তিগত সাফল্যের প্রতীক নন, বরং ভারত ও বাংলাদেশ সম্পর্কের এক জীবন্ত সেতুবন্ধন। ড. রাজীব রঞ্জন বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। অতীতের ত্যাগের ওপর দাঁড়িয়ে এই সম্পর্ক বর্তমানের সহযোগিতায় আরও দৃঢ় হয়েছে এবং ভবিষ্যতে এর সম্ভাবনা আরও বিস্তৃত। অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের বিভিন্ন ব্যাচের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাদের মধ্যে ছিলেন মিন্টু চৌধুরী, সরওয়ারুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, নওরীন মুনির প্রমা, ইশতিয়াক উর রহমান, শিহাব জিশান, কিশোয়ার জাহান চৌধুরী, অর্জিতা সেন চৌধুরী এবং ফাতেমাতুজ জোহরা। তারা ভারতের বিভিন্ন শহরে অবস্থানকালীন অভিজ্ঞতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের স্মৃতি তুলে ধরেন এবং এ ধরনের কর্মসূচি দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক বলে মত দেন। অনুষ্ঠানে আইটেক ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন কর্মসূচির সাবেক অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকন্টেন্ট নির্মাতা ফাহিমকে আটকে পুলিশে দেওয়া হলো
পরবর্তী নিবন্ধনড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, চালক গ্রেপ্তার