চকরিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট

৪ জনকে কুপিয়ে জখম

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার বিএমচর ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব ও লুটপাট চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। তারা প্রতিষ্ঠানের ক্যাশবাঙ থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামালও লুট করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করায় দোকান মালিকের ছেলেসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটে।
এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য গিয়াস উদ্দিন আহমদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ (এজাহার) দিয়েছেন। এর আগে ইউনিয়নের বিএমচর স্টেশনস্থ নির্মাণসামগ্রীর দোকানে সোমবার বিকেলে এই ঘটনা সংঘটিত হয়।
প্রতিষ্ঠান মালিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য গিয়াস উদ্দিন আহমদ জানান, মোটা অংকের চাঁদা না পেয়ে তার প্রতিষ্ঠানে এই হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় নগদ লক্ষাধিক টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। বাধা দেওয়ায় ছেলে শহীদসহ চারজনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। অন্য আহতরা হলেন- মো. শাওন (১৯), জিয়া উদ্দিন (২৩) ও রুবেল (৩৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ সংক্রান্তে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশহরের চেয়ে গ্রাম ভুগছে বেশি
পরবর্তী নিবন্ধপেয়ারুল ইসলামকে বিজয়ী করার আহ্বান