কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মাহিয়ান (৭) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আলীপুর এলাকার মো. মহিউদ্দিনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুপুরে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় মাহিয়ান নামে এক শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। শিশু মাহিয়ানের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক–হেলপার পালিয়ে গেছে।













