চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ১২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী দুই যুবক বন্ধু। তারা ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। একইসময়ে আহত হন আরও এক মোটরসাইকেল আরোহী।

আজ বৃহস্পতিবার ভোররাত সোয়া চারটার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়াস্থ করিম বাবুর্চির বাড়ির সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহতরা হলেন- ঢাকা মহানগরীর উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদুল ইসলাম ভূঁইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিঁনি জানান- আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক সোয়া চারটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। সেই বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী দুই যুবক বন্ধু।

ওসি-চিরিঙ্গা হাইওয়ে থানা আরিফুল আমিন বলেন, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ এবং দুর্ঘটনায় পতিত বাস ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ সীমান্তে প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকার মাদক জব্দ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯